আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে খুলনায় প্রচারণায় নেমে বিভিন্ন দলের প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর মধ্যে কয়েকজন প্রার্থী ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান চেয়ে আবেদন করেছেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, খুলনা-২ ও ৩ আসনে দুই প্রার্থীর মৌখিক আবেদনের পর তাদের নিরাপত্তায় প্রচারণাকালে পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। অনানুষ্ঠানিক প্রচারণায়কালে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে দুই প্রার্থীকে গুলির ঘটনায় খুলনা জেলার ছয়টি আসনে উদ্বেগ ছড়াচ্ছে। খুলনা-১ আসনে জামায়াতে ইসলামী একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিলে সাম্প্রদায়িক সংঘর্ষের শঙ্কার কথা বলছেন খোদ পুলিশ কর্মকর্তারাই। খুলনা-২ আসনে রাজনৈতিক অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটেনি। প্রত্যন্ত এলাকা হওয়ায় খুলনা-৫ ও ৬ আসনেও প্রার্থীদের নিরাপত্তার শঙ্কা রয়েছে। খুলনা-৬ আসনে বিএনপির প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, প্রচারণাকালে গভীর রাত পর্যন্ত বাইরে থাকতে হয়। যে কোনো সময় হামলার শঙ্কা রয়েছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে নিরাপত্তায় ব্যবস্থা নিতে বলেছি।
জানা যায়, ১০ মাসে খুলনা নগরীতে ৪৮টির বেশি হত্যাকা ঘটেছে। এর মধ্যে আধিপত্য বিস্তারের জেরে টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটে ২০টি। গত দুই দিনে খুলনা-২ আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নিরাপত্তায় তার বাড়ি, ব্যক্তিগত গাড়িতে ও চলাফেরার স্থানে সাদা পোশাকে পুলিশের উপস্থিতি দেখা যায়। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে মঞ্জু বলেন, চেকিং পয়েন্ট করা গোয়েন্দা নজরদারি, অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে হবে। কেএমপি সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) ত ম রোকনুজ্জামান জানান, যাদের ওপর থ্রেট থাকতে পারে বা কোনো ঝামেলা হতে পারে, তাদের অনানুষ্ঠানিক প্রচারণায়ও সাদা পোশাকের পুলিশ থাকছে। মাস্ক পরা, হেলমেট পরা বা সন্দেহজনক লোকজনকে নজরদারি করা হচ্ছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সম্পাদক কুদরত-ই খুদা বলেন, প্রার্থীর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশন ও রাষ্ট্রের। প্রার্থীর জীবনের নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে। পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, প্রার্থীরা অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করলে চিন্তাভাবনা করা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। গানম্যান চেয়ে যারা আবেদন করছেন, নির্বাচনি বিধি মেনে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।