সিঙ্গাপুরে তিনটি অভিবাসী শ্রমিক ডরমিটরিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। গতকাল মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার এ তথ্য জানিয়েছে।
দ্য স্টারকে সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি) জানায়, ৮ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার বাংলাদেশিরা সবাই পুরুষ এবং তাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।
সিএনবি এক বিবৃতিতে জানায়, মাদকসংশ্লিষ্ট অপরাধসহ অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনের অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়েছে। ৮ ডিসেম্বর সন্ধ্যায় একটি অভিবাসী শ্রমিক ডরমিটরি থেকে মাদক সেবনের অভিযোগে ২৫ বছর বয়সি এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। পরদিন অন্য একটি ডরমিটরি থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ২৩ বছর বয়সি একজনকে মাদক সেবন এবং ২৯ বছর বয়সি আরেকজনকে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে ২৯ বছর বয়সি ওই ব্যক্তির কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক সরঞ্জাম জব্দ করা হয়। এ ছাড়া ১১ ডিসেম্বর সন্ধ্যায় দেশটির চোয়া চু কাংয়ের একটি অভিবাসী শ্রমিক ডরমিটরিতে অভিযান চালিয়ে আরও চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। সিএনবি ছাড়াও এ যৌথ অভিযানে সিঙ্গাপুর পুলিশ, ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি, হেলথ সায়েন্সেস অথরিটি, সিঙ্গাপুর কাস্টমস এবং মানবসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন। কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগে তদন্ত চলছে।