অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা নতুন তিন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ড. আসিফ নজরুল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সৈয়দা রিজওয়ানা হাসান ও আদিলুর রহমান খান এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার পর এ মন্ত্রণালয়গুলো ফাঁকা হয়ে যায়। দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচনের ভিত্তি দুর্বল ও পরিবেশ ভীতিকর করতে আক্রমণ চালানো হচ্ছে। মানুষকে ভয় দেখাতেই হাদির ওপর হামলার মতো আক্রমণ হচ্ছে। দেশ যত নির্বাচনমুখী হচ্ছে ততই পরিবেশ ভীতিকর করার অপচেষ্টা চলছে। সরকার জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের হীন, কাপুরুষিত ও চক্রান্তমূলক আক্রমণের জবাব দেবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দুর্নীতিবিরোধী পদক্ষেপের পাশাপাশি ঢাকার বাইরের ক্রীড়া কার্যক্রমে গতি বাড়াতে অগ্রাধিকার দেওয়া হবে।
ঢাকার বাইরের ক্রীড়া কার্যক্রম বেগবান করার প্রতিশ্রুতি দেন। এদিকে, এলজিআরডি উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, তফসিল ঘোষণা হয়ে যাওয়ায় বড় কোনো কাজের সুযোগ নেই। তবে, জনস্বার্থ বিবেচনায় ফ্যাসিবাদী শক্তির সহযোগীদের দমন করা হবে।