মুন্সিগঞ্জের সিরাজদীখানে প্রবাসীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকারসহ ৫০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার চান্দের চর গ্রামের কুয়েত প্রবাসী আল-আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, কুয়েত থেকে দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় ডাকাতির কবলে পড়ে আল-আমিন। ডাকাতরা আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা, কুয়েতি মুদ্রা প্রায় ১০০ দিনার এবং দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। আল-আমিনের বাবা আবদুর রাজ্জাক জানান, ১৫-২০ জন মুখোশধারী ডাকাত নৌপথে এসে এ ঘটনা ঘটায়। তাদের হাতে দা, চাইনিজ কুড়াল ও আগ্নেয়াস্ত্র (সটগান) ছিল। সিরাজদীখান থানার ওসি এম হান্নান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।