হঠাৎ করেই সুপ্রিম কোর্টে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ নিরাপত্তা বলবৎ থাকবে বলে গতকাল সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল ও হাই কোর্ট বিভাগ) এজলাসে আইনজীবী ছাড়া যে কোনো ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি বৈধ-অবৈধ অস্ত্র ও বিস্ফোরক বহন নিষিদ্ধ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত। ফলে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, আদালতে আগত বিচারপ্রার্থী, মামলা সংশ্লিষ্ট ব্যক্তি এবং অপ্রত্যাশিত ব্যক্তিবর্গ সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশ করছেন। এতে উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই সুপ্রিম কোর্ট এলাকায় সমাবেশ, মিছিল, যে কোনো প্রকার অস্ত্র বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।