বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও সুইডেন। গতকাল পৃথক বার্তায় সংশ্লিষ্ট দেশগুলোর ঢাকার দূতাবাস বিজয় দিবসের শুভেচ্ছা জানায়।
মার্কিন দূতাবাসের বার্তায় বলা হয়, এই বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালের সেই সাহসী বাংলাদেশিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ও সম্মান জানাচ্ছি, যাদের আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার পথকে সুগম করেছে।
চীনের বার্তায় উল্লেখ করা হয়, মহান বিজয় দিবসে বাংলাদেশের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসুন বিজয়ের প্রেরণায় একসঙ্গে সবার জন্য একটি সমৃদ্ধ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলি। ভারতীয় হাইকমিশনের বার্তায় বলা হয়, ভারতীয় হাইকমিশন, ঢাকা বাংলাদেশের জনগণকে জানাচ্ছে বিজয় দিবসের শুভেচ্ছা।
এ ছাড়া পৃথক পৃথক বার্তায় যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও সুইডেন বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে।
এদিকে ভারতের কলকাতা ও মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় দিবস উদ্যাপন করেছে বাংলাদেশ হাইকমিশন। গতকাল কলকাতার ফোর্ট উইলিয়ামে অবস্থিত পূর্বাঞ্চলীয় সেনা সদর দপ্তরের বিজয় দুর্গে (ভিক্টরি ফোর্ট) বিজয় দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা বিজয় স্মারক স্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশি মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের যোদ্ধাদের যৌথ লড়াই ও অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়।
এর আগে, সকালে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা, শিক্ষার্থী, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।