নারায়ণগঞ্জের আড়াইহাজারে মস্তকবিহীন এক অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী চকের মধ্যে স্থানীয়রা মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। আড়াইহাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় মৃতদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা হত্যা করে মৃতদেহটি চকের মধ্যে ফেলে রেখে পালিয়ে গেছে। তবে কীভাবে এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তিনি বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি মৃতদেহের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।