ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৪ লাখ ৩৯ হাজার ৮২৪ জন। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত ইসির ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে সৌদি আরব থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ১৩ হাজার ৯৯, কাতারে ৪০ হাজার ৩৭, মালয়েশিয়ায় ২৮ হাজার ৬৬৯, ওমানে ২৬ হাজার ১৮২, সংযুক্ত আরব আমিরাতে ২২ হাজার ৭৯৫, যুক্তরাষ্ট্রে ২২ হাজার ৩৪৬ আর ভারতে থেকে ১৫৭ জন। এ ছাড়া অন্যান্য দেশ থেকেও অনেকে নিবন্ধন করেছেন, যা প্রতি মুহূর্তে বাড়ছে। ২৫ ডিসেম্বর পর্যন্ত ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সব কর্মকর্তা-কর্মচারী ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও নিবন্ধন করতে পারবেন।
অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেবে ইসি। ভোটাররা ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।