শরীয়তপুরে এক বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাতে সদর উপজেলার নিয়ামতপুরে মুক্তিযোদ্ধা আবদুল মান্নান খানের কবরে এ ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ জানায়, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান খানের মৃত্যুর পর বসতঘরের পাশেই তাকে দাফন করা হয়। প্রতিদিনের মতো গতকাল সকালে জিয়ারত করতে গিয়ে তার স্ত্রী দেখেন কবরের ওপর পোড়া ছাই ও আগুনের চিহ্ন। পরে তার মেয়ে স্থানীয় প্রশাসন এবং মুক্তিযোদ্ধাদের জানান।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা। এ ঘটনায় দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।