সীমান্তের ওপারে মিয়ানমারের ভিতরে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণে কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত কেঁপে উঠেছে। শনিবার রাতে সীমান্তবর্তী এলাকায় এসব বিস্ফোরণের তীব্রতা অনুভূত হয়।
জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ অব্যাহত রয়েছে। শূন্য লাইন থেকে আনুমানিক ১৩ কিলোমিটার ভিতরে রাখাইন রাজ্যের বলিবাজার এলাকায় বিস্ফোরণের ঝলক দেখা গেছে। সেখানে আরাকান আর্মির সদর দপ্তর বলে জানান স্থানীয়রা।
হোয়াইক্ষ্যং সীমান্তের বাসিন্দা আবদুল্লাহ বলেন, ‘রাত সাড়ে ১০টার পর সীমান্তের ওপারে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তার বাড়িঘর কেঁপে ওঠে। মনে হচ্ছিল ভূমিকম্পে বাড়িঘর ভেঙে যাচ্ছে। তখন পরিবার নিয়ে ঘরের বাইরে অবস্থান করি।’
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইনামুল হাফিজ নাদিম জানান, রাতেই প্রাথমিকভাবে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক এবং নিরাপদে থাকার বিষয়ে ব্যবস্থা নিতে।
বিজিবি উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, হোয়াইক্ষ্যং বিওপি এলাকার নিকটবর্তী মিয়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নাফ নদ ও বাংলাদেশ সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সার্বিক পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।