আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। শুক্রবার রাত ৯টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজারে এ হামলা হয়। এ ঘটনায় শিহাব হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার তথ্য নিশ্চিত করেন। হামলার শিকার পুলিশ কর্মকর্তা হলেন- আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম। তাকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার শিহাব হোসেন (২২) গোমাইলের মঞ্জুর আহমেদের ছেলে।
আশুলিয়া থানার ওসি জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে পাঠানো হয়েছে আদালতে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানায়, রাতে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ছাত্র-জনতার আন্দোলনে হওয়া হত্যা মামলার আসামি যুবলীগ নেতা সোহেল শিকদারকে গ্রেপ্তার অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এসআই মনিরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়।