চট্টগ্রাম নগরী ও হাটহাজারীতে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ও গতকাল ভোররাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মাহবুব আলম (৩৬) ও আজিয়ার রহমান (৩৫)। এদের মধ্যে মাহবুব হাটহাজারীর বাসিন্দা। আজিয়ার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা।
সিএমপির বন্দর থানার উপপরিদর্শক আবু বক্কর জানান, শনিবার রাতে বন্দর থানার পোর্ট কলোনি এলাকায় দুষ্কৃতকারীরা আজিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের আটকে পুলিশের একাধিক দল কাজ করছে।
হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান জানান, গতকাল ভোররাতে ৩-৪ জন দুর্বৃত্ত পৌরসভার কলাবাগান এলাকায় মাহবুবের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা মাহবুবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেকে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, মাহবুব পেশায় মাইক্রোবাস চালক ছিলেন। পাশাপাশি তিনি কলাবাগান এলাকার একটি ভবনের তত্ত্বাবধায়ক ছিলেন। খবরটি ছড়িয়ে পড়লে মাইক্রোবাস চালক সমিতির নেতা-কর্মীরা জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করে। পরে পুলিশ তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।