রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ‘গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো (গ্যাপেক্সপো)-২০২৬। গতকাল আইসিসিবির পুষ্পগুচ্ছ হলে প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মো. হাতেমসহ সংশ্লিষ্ট খাতের শীর্ষ নেতারা। বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে ব্যবসা পরিচালনা বিভিন্ন জটিল প্রক্রিয়ার কারণে কঠিন হয়ে আছে। এর ফলে ব্যবসার খরচ বাড়ছে, উদ্যোগ নেওয়ার আগ্রহ কমছে এবং বাজারে আস্থার সংকট তৈরি হচ্ছে। কিছু প্রভাবশালী গোষ্ঠীর অনৈতিক সুবিধা এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা ব্যবসা কাঠামোর কারণে সাধারণ উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত না হলে রাজনৈতিক পরিবর্তনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না। শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করলে হবে না, অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে।
আবদুর রহমান খান বলেন, ব্যবসায়ীরা বাংলাদেশের বিশাল কর্মসংস্থানের মূল ভরসা। তাঁরা বড় ঝুঁকি নিয়ে নিজেদের ও পরিবারের সঞ্চয় এবং ব্যাংক ঋণ ব্যবহার করে ব্যবসা করেন। এনবিআর তাদের ভোগান্তি কমাতে ম্যানুয়াল প্রক্রিয়া সহজীকরণ ও ডিজিটালাইজেশনে কাজ করছে, বিশেষ করে বন্ড অটোমেশন অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে কর, কাস্টমস ও ভ্যাট আইন ইংরেজিতে প্রকাশসহ লাইসেন্স ব্যবস্থায় সংস্কার করা হয়েছে, যাতে প্রতিযোগিতা বাড়ে ও ব্যবসা সহজ হয়। আয়োজকদের তথ্যমতে, এবারের প্রদর্শনীতে ৩৫০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে এবং থাকছে ১ হাজার ৫০০টি স্টল। বাংলাদেশ ছাড়াও ভারত, জাপান, ভিয়েতনাম, চীন, দক্ষিণ কোরিয়া ও জার্মানিসহ ১৮টির বেশি দেশের প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিয়েছে। আইসিসিবির হল নম্বর ২, ৫, ৬ এবং এক্সপো জোনে অনুষ্ঠিত হচ্ছে গ্যাপেক্সপো-২০২৬-এর ১৫তম আসর। একই সময়ে চলছে ‘গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ-২০২৬’ প্রদর্শনীও। প্রদর্শনীটি বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতের আন্তর্জাতিক পরিচিতি বাড়ানো, নতুন ক্রেতা ও বাজার অনুসন্ধান এবং সর্বাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের সঙ্গে দেশীয় শিল্পোদ্যোক্তাদের সংযোগ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।