রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নে পদ্মা নদীতে কুমিরের দেখা মিলেছে। এতে আতঙ্কে রয়েছেন নদীতীরবর্তী বাসিন্দারা।
জানা গেছে, গত কয়েক দিন বিভিন্ন সময় নদীতে কুমির দেখতে পান স্থানীয়রা। এর মধ্যে কুমিরের একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম বলেন, আমাদের বিদ্যালয়ের পাশেই কুমিরের দেখা মিলেছে। যে স্থানে কুমির দেখা গেছে সেখানে মানুষ গোসল করে।
রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান বলেন, পদ্মা নদীতে কুমির ভেসে ওঠার বিষয়টি শুনেছি। পদ্মা বড় নদী। আমরা বন বিভাগ বিষয়টি নিয়ে কাজ করছি। সবাইকে সচেতন হওয়ার পরামর্শ বন বিভাগের এ কর্মকর্তার। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় বলেন, কুমিরের বিষয়টি জানতে পেরেছি। পদ্মা নদীতে বিভিন্ন ধরনের জলজ প্রাণী থাকে। সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করছি।