পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে একটি মৃত ডলফিন। গতকাল স্বপ্নরাজ্য পার্কসংলগ্ল সৈকতে এটি দেখতে পান স্থানীয়রা। বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা এ কে এম মনিরুজ্জামান জানান, দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে দ্রুত ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়েছে। উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন উপরার যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ডলফিনটি তীরে ভেসে এসেছে। শরীরের বেশ কিছু অংশের চামড়া উঠে গেছে। দুর্গন্ধ ছড়াচ্ছিল। এটি বেশ কয়েক দিন আগে মারা গেছে। জানা গেছে, ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর চরগঙ্গামতি কাঁকড়া চরে এবং ২০ সেপ্টেম্বর চরগঙ্গামতি এলাকার ‘৩৩ কানি’ নামক স্থানে দুটি মৃত ডলফিন ভেসে আসে। ডলফিন রক্ষা কমিটির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ১৫টি, ২০২৪ সালে ১০টি এবং ২০২৫ সালে ১১টি মৃত ডলফিন কুয়াকাটা উপকূলে ভেসে এসেছে। বারবার এভাবে ডলফিনের মৃত্যু ঘটলেও এখনো কোনো ঘটনার ময়নাতদন্ত বা বৈজ্ঞানিক অনুসন্ধান না হওয়ায় মৃত্যুর প্রকৃত কারণ অজানাই থেকে যাচ্ছে।