ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনে গতকাল ১৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বিকাল ৩টা থেকে শুরু হওয়া এ শুনানিতে ৪৩টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এতে ২১টি আবেদন নামঞ্জুর এবং চারটি আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এ আপিল শুনানি গ্রহণ করেন। গতকাল নির্ধারিত সময়ে ৪৩টি আবেদনের শুনানি হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা ১৮টি আপিল আবেদন মঞ্জুর করেছে কমিশন। একই বিষয়ে (বাতিলের বিরুদ্ধে) ১৭টি আপিল আবেদন নামঞ্জুর করা হয়েছে। এ ছাড়া মনোনয়নপত্র বৈধ হওয়ার বিরুদ্ধে (গ্রহণ) করা চারটি আপিলও নামঞ্জুর করেছে কমিশন। শুনানিতে জটিলতা থাকায় চারটি আপিল আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ক্রমিক নম্বর ৫১১ থেকে ৬১০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ১৮ জানুয়ারি (রবিবার) শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর ও অবশিষ্ট অপেক্ষমাণ আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে এ কার্যক্রম শেষ হবে।
এদিকে দ্বৈত নাগরিকত্বের জেরে শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থীর বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করা স্থানীয় ভোটার ইয়াজদায়িনকে বেধড়ক মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় নির্বাচন ভবন মিলনায়তনে আপিল শুনানি চলছিল। আপিলকারীর পক্ষে আইনজীবী হিসেবে শুনানিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এম এম শফিউল্লাহ। উল্লেখ্য, এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা ৩০০ নির্বাচনি এলাকায় মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টিকে বৈধ এবং ৭২৩টিকে বাতিল ঘোষণা করেছিলেন।