ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে রাতভর নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বিকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমেলিয়া সিরাজাম তাদের জবানবন্দি লিপিবদ্ধ শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার অন্যজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জবানবন্দিরা হলেন বাসচালক মো. আলতাফ ও চালকের সহকারী মো. রাব্বি। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী ওই নারী টাঙ্গাইল সদর থানায় বাসের চালক, হেলপার ও চালকের সহকারীসহ চারজনের নামে মামলা করে। পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে সাভারের রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনে ওঠেন ওই নারী। পরে অন্য যাত্রীরা বাস থেকে নামার পর ওই নারীকে জোর করে আটকে রেখে সঙ্গে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। বাসটি বিভিন্ন জায়গায় ওই নারীকে রাতভর গণধর্ষণ করে। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডার পাস এলাকায় মহাসড়কের ওপর সন্দেহজনক অবস্থায় দাঁড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনা জানতে পারে। পরে পুলিশ ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করে।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিন এ প্রতিবেদককে বলেন, গ্রেপ্তার তিন আসামিকে টাঙ্গাইল আদালতে তোলা হয়। এর মধ্যে দুজন জবানবন্দি দেন। পরে আদালতের বিচারক তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।