ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জোটবদ্ধভাবে ভোট করবেন বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। গতকাল রাজধানীর তেজকুনীপাড়ায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে স্বতন্ত্র সরকার গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রহিম।
তিনি বলেন, ‘বর্তমানে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ৪৭৩। পাশাপাশি বিভিন্ন ছোট দল থেকে আরও অন্তত ১০০ প্রার্থী রয়েছেন। আমাদের সংগঠন থেকে চূড়ান্তভাবে ৩০০ প্রার্থীকে সমর্থন দিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
সভায় ৯ দফা নির্বাচনি ইশতেহার তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ভোটাধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সংস্কার, জনগণের অধিকার, নিরাপত্তা ও জনকল্যাণের পরিপন্থি সংবিধান বা আইনের যেকোনো বিধান বাতিল, দুর্নীতির নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিতকরণ, অর্থ পাচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, পিছিয়ে পড়া মানুষের কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক জনগোষ্ঠী ও বস্তিবাসীর জীবনমান উন্নয়ন, শহীদ পরিবারের কলমিলতা বাজারের ২০১৭ সালের আইন অনুযায়ী ক্ষতিপূরণ আদায়।
অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রফেসর ডা. গোলাম কবির, মো. জয়নুল আবেদীন, খাইরুজ্জামান শিপন, আকবর হোসেন ফাইটন, সিউলি আক্তার, জেসমিন আক্তার প্রমুখ।