গোপালগঞ্জের কাশিয়ানীতে দাদি-নাতিসহ বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ সিকদারের ছেলে ইরান সিকদার (৫৫)। মুকসুদপুর-কাশিয়ানী সার্কেলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মীর সাজেদুর রহমান জানান, কাশিয়ানী উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব সিকদারের বাড়ির কাছেই বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে বেড়া তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে দাদি রাহেলা বেগম ছুটে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান সিকদারও বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় রাহেলা বেগমের নাতি সাইফান গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।