গাজীপুরের টঙ্গীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আমানত ফেরত না পেয়ে ব্যাংক কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। গতকাল দুপুরে টঙ্গী কলেজ গেট শাখায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, ব্যাংকের কয়েক শ গ্রাহক ডিপিএস, এফডিআরসহ বিভিন্ন হিসাবের আমানতের জন্য কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরছেন। কর্তৃপক্ষ দেই দিচ্ছি বলে না দেওয়ার পাঁয়তারা করে আসছে। এতে ক্ষিপ্ত হয়ে গ্রাহকরা ব্যাংকের ভিতর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিকাল সোয়া তিনটায় গ্রাহকের টাকা পর্যায়ক্রমে ফেরত দেওয়ার আশ্বাসে বিক্ষুব্ধ গ্রাহকরা ঘটনাস্থল ত্যাগ করেন।