চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামে এক নারী খুন হয়েছেন। গতকাল সকালে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ১৪ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহত সালমার স্বামী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাতে চান্দগাঁও থানার ওসি নুর হোসেন মামুন জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরই জের ধরে গতকাল সকালে জসিম তার স্ত্রী সালমাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সালমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত জসিমকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেকে আছে।