রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সাদিয়া রহমান মিম (২৭) নামে এক বিউটিশিয়ানের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে কালাচাঁদপুর পশ্চিম পাড়ার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। মিম টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুন্দি পশ্চিম পাড়ার মৃত শহিদ আলীর মেয়ে। তিনি ওই বাসায় নুসরাত নামে এক তরুণীর সঙ্গে ভাড়া থাকতেন।
পুলিশ জানিয়েছে, দুই মাস আগে বিউটিপার্লারের কাজ করলেও সম্প্রতি বিভিন্ন বারে ড্যান্স করতেন মিম। তার বাসায় বিভিন্ন লোকের যাতায়াত ছিল। সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে। মিমের দুলাভাই মোহাম্মদ নুরুন্নবী জানান, তার (মিম) দুই বিয়ে হয়েছিল। প্রথম ঘরের পাঁচ বছরের এক মেয়ে রয়েছে। পরের ঘরে কোনো সন্তান ছিল না। কোনো স্বামীর সঙ্গেই তার সম্পর্ক নেই। তার রুমমেট নুসরাতও বারের ড্যান্সার।
গুলশান থানার এসআই মারুফ আহামেদ বলেন, ‘বাইরে থেকে লাগানো দরজার তালা ভেঙে মিমের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। লাশের গলা কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ছিল। ধারণা করা হচ্ছে, শুক্রবার দুপুর থেকে শনিবার রাতের মধ্যে ঘটনাটি ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
গুলশান থানার ওসি রাকিবুল হাসান বলেন, ‘নিহতদের বোন বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ঘটনার সময় মিমের রুমমেট নুসরাত শরীয়তপুরে ছিলেন। খবর দিলে নুসরাত নিজেই থানায় এসেছেন। আমরা সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে রহস্য উন্মোচন হবে।’