রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় লেগুনা ও ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন-ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় অজ্ঞাত (৪০) পরিচয় এক ভ্যানচালক ও যাত্রাবাড়ী এলাকায় জাহিদ (১১) নামে এক পথশিশু। শনিবার রাতে দুর্ঘটনা দুটি ঘটে। এ ছাড়া শ্যামপুরের ঢালকানগর এলাকায় ময়লার স্তূপ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য লাশ ৩টি মর্গে রাখা
হয়েছে। ডেমরায় দুর্ঘটনার বিষয়ে পথচারী রবিউল ইসলাম জানান, শনিবার রাত ১০ টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় একটি সিএনজি অটোরিকশা ও ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি লেগুনা। এতে ভ্যানচালক ছিটকে রাস্তার পাশে পড়ে থাকে। সেখান থেকে গুরুতর আহত চালককে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ভ্যানচালকের পরিচয় পাওয়া যায়নি। রাস্তার পাশে ভ্যান পড়ে ছিল। নিহত পথশিশু জাহিদের বন্ধু (পথশিশু) রাব্বি জানান, শনিবার রাতে ধনিয়া কলেজের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক জাহিদকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শ্যামপুর থানার এসআই ইকবাল সুমন জানান, শ্যামপুর ঢালকানগর এলাকায় ময়লার স্তূপ থেকে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় এক নবজাতককে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।