নেত্রকোনায় মোবাইল কোর্ট চলাকালে ইউএনওকে শাসিয়ে সাময়িক বরখাস্ত হলেন বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুইয়া। রবিবার সকালে শাসানোর ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিকালে পেলেন শোকজ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মোতাছেম বিল্যাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। জানা গেছে, শনিবার বিকালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা বাজারে সরকারি জায়গায় অবৈধভাবে মার্কেট নির্মাণের খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এ সময় কলমাকান্দার ইউএনও মাসুদুর রহমানের সঙ্গে লেঙ্গুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুইয়া বাগবিতণ্ডায় জড়ান। সরকারি জমিতে মার্কেট নির্মাণ করা অবস্থায় চেয়ারম্যানের ভাই মো. পারভেজকে আটক করলে ইউএনওর সঙ্গে চেয়ারম্যান বিতর্কে জড়িয়ে যান। একপর্যায়ে ইউএনওকে শাসান ওই চেয়ারম্যান। এই ঘটনায় করা একটি ভিডিও রবিবার সকাল থেকে সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। শুরু হয় আলোচনা সমালোচনা।
ভাইরাল হওয়া ওই ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে কেন মোবাইল কোর্ট করতে গেলেন স্থানীয় প্রশাসন তার কৈফিয়ত চান স্থানীয় ওই চেয়ারম্যান। এ সময় ইউএনওকে শাসাতে শোনা যায়। তিনি কেন মোবাইল কোর্টে এলেন তার কৈফিয়ত চান। এ ব্যাপারে কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমান জানান, সরকারি জায়গায় অবৈধ ভাবে মার্কেট নির্মাণ করছিলেন চেয়ারম্যানের ভাই মো. পারভেজ। পরে সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মাহমুদুল হাসান গিয়ে আটক করে এবং অর্থদণ্ড করায় পরে চেয়ারম্যান এসে এই আচরণ করেন।