ফরিদপুরের সদরপুর উপজেলায় কুকুরের কামড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার বাইশরশি, সদরপুর সদর, নয়রশিসহ বিভিন্ন গ্রামে একটি কুকুর এ তাণ্ডব চালায়। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য, সকালে হঠাৎ একটি পাগলা কুকুর বিভিন্ন গ্রামে ঘোরাফেরা করে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর আক্রমণ চালায়। কুকুরটির কামড়ে অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কুকুরটিকে আটক বা নিধনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সালাউদ্দিন জানান, হাসপাতালে কুকুরের কামড়ে আহত নয়জন চিকিৎসা নিতে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার বলেন, কুকুরটিকে শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে।