সিলেটে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হাতিকে বাঁচানো সম্ভব হয়নি। গতকাল দুপুরে সেটি মারা গেছে। এর আগে শনিবার রাতে ট্রেনের ধাক্কায় হাতিটি খাদে পড়ে গিয়েছিল। ১৮ ঘণ্টার চেষ্টায় হাতিটি উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান জানান, দুর্ঘটনায় হাতিটি গুরুতর আহত হয়েছিল। চিকিৎসা দেওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাতির চিকিৎসার দায়িত্বে থাকা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক সুলতান আহমদ জানান, মেরুদণ্ডে আঘাত পাওয়ায় হাতিটির পেছনের অংশ অসাড় হয়ে গিয়েছিল। শরীরের একাধিক স্থানে গুরুতর আঘাত ছিল। যে কারণে চিকিৎসা দিয়েও হাতিটি বাঁচানো সম্ভব হয়নি। প্রসঙ্গত, গত শনিবার রাতে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশের ডোবায় পড়ে যায়।
১৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে রবিবার দুপুরে হাতিটিকে ডোবা থেকে উদ্ধার করা হয়। পরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা হাতিটিকে চিকিৎসা দেন।