মানববন্ধনের কথা থাকলেও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এ সময় কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ থাকে। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে গতকাল সকাল থেকে সড়ক অবরোধ করা হয়। যানজটে আটকা পড়ে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও। এ ছাড়া সাধারণ মানুষ, যানবাহনচালক এবং যাত্রীরা এমন যানজট, অবরোধে বিরক্ত হয়ে পড়েন। দুপুরে আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়ে ব্যাটারিচালিত রিকশাচালকরা।
ভোগান্তিতে পড়া যাত্রীরা বলেন, যানজট ও সড়ক অবরোধ এখন নিত্যদিনের দৃশ্য। এর কারণে সময় নষ্ট হচ্ছে। সময়মতো অফিস ও ব্যক্তিগত জরুরি কাজ ব্যাহত হচ্ছে। অ্যাম্বুলেন্স দীর্ঘক্ষণ আটকা পড়ায় রোগী সময়মতো হাসপাতালে পৌঁছতে পারছে না। এ অবস্থায় জীবনহানির আশঙ্কাও করেন তারা। আন্দোলনকারী ব্যাটারিচালিত রিকশাচালকরা বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনকে আগামী ৩০ জানুয়ারির মধ্যে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বিক্রি বন্ধের নির্দেশ দিতে হবে। সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে আবার সড়ক অবরোধ এবং ১ ফেব্রুয়ারি সিটি করপোরেশন ভবন ঘেরাও করা হবে।