সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। গতকাল এ-সংক্রান্ত রিট আবেদনে প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। ২৮ বছর পর আজ শাকসু নির্বাচনে ভোট গ্রহণের কথা ছিল।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল, মনিরুজ্জামান আসাদ ও রাশনা ইমাম। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান। গতকাল বিকালে হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বছর ১৬ নভেম্বর শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিলে প্রথমে ১৭ ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নির্বাচনের তারিখ নিয়ে আন্দোলন, ছুটিসংক্রান্ত বিতর্ক নিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এরপর ২৩ নভেম্বর নির্বাচনের নতুন তারিখ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ অনুসারে শাকসু ও হল সংসদ নির্বাচন ১৭ ডিসেম্বরের পরিবর্তে ২০ জানুয়ারি ঠিক করা হয়। এমন পরিস্থিতিতে শাকসু নির্বাচন আয়োজনের অনুমতি চেয়ে ১৪ জানুয়ারি ইসিতে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ চিঠির পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি শাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে ইসি।
প্রতিবাদে শিবিরের বিক্ষোভ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ এনে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে নির্ধারিত সময়ে নির্বাচন বাস্তবায়নের দাবি জানান তারা। এর আগে তারা কেন্দ্রীয় কার্যালয়ে একই দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে। শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম লিখিত বক্তব্য পেশ করেন। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান-পরবর্তী ছাত্র সমাজের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা। বিশ্ববিদ্যালয় প্রশাসন শাকসু নির্বাচন আয়োজন করলেও ছাত্রদল পরাজয়ের ভয়ে বারবার নির্বাচন বাধাগ্রস্ত করার হীন চক্রান্তে লিপ্ত। তারা প্রতিটি ছাত্র সংসদ নির্বাচন বন্ধের জন্য অপচেষ্টা চালিয়েছে। বিকালে ঢাকা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।