রাজধানী ঢাকা ও শহরতলির রুটে চলাচলকারী বাসগুলোতে এখন থেকে যাত্রীদের ই-টিকেট কেটে চড়তে হবে। বাস স্টপে কিউআর কোড দেওয়া থাকবে। যাত্রীরা সেটা স্ক্যান করে অ্যাপ ডাউনলোড করে নিজেরাই টিকিট কাটতে পারবেন। যারা স্মার্টফোন ব্যবহার করছেন না, তাদের জন্য থাকবেন সাড়ে ৩ হাজারের বেশি টিকিট মাস্টার। তাঁদের কাছ থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
গতকাল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ পদ্ধতির উদ্বোধন করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে এ পদ্ধতি পুরোদমে চালু করা হবে। ঢাকা মহানগর পুলিশ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নসহ কয়েকটি শ্রমিক সংগঠনকে সঙ্গে নিয়ে এ পদ্ধতি বাস্তবায়নের কথা বলা হয়। আরবানমুভ টেক নামে একটি কোম্পানি এ ব্যবস্থায় কারিগরি সহায়তা দিচ্ছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম। তিনি বলেন, ‘বিভিন্ন রুটের পরিবহন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আরবানমুভ টেক ই-টিকেটিং ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব নিয়েছে।’
এক সপ্তাহের মধ্যে এ কার্যক্রম চালু করা হবে জানিয়ে সাইফুল আলম বলেন, ‘ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও পুলিশ প্রশাসন এ কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা ও তদারকি করবে।’ তিনি জানান, ‘সব বাস নির্ধারিত স্টপেজে যাত্রী তুলবে এবং নামাবে। সব যাত্রীকে অ্যাপ অথবা ডিভাইসের মাধ্যমে ই-টিকেট সংগ্রহ করে গাড়িতে ভ্রমণ করতে হবে।
এ পদ্ধতিতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হবে না। ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া নেওয়া হবে আগের মতোই।’
কীভাবে বাস্তবায়ন হবে জানিয়ে আরবানমুভ টেকের এমডি জুনায়েদ আবদুল্লাহ বলেন, ‘ঢাকার আট শর বেশি বাস স্টপে কিউআর কোড দেওয়া থাকবে। যাত্রীরা সেটা স্ক্যান করে অ্যাপ ডাউনলোড করে নিজেরাই টিকিট কাটতে পারবেন। যারা স্মার্টফোন ব্যবহার করছেন না, তাদের জন্য থাকবেন সাড়ে ৩ হাজারের বেশি টিকিট মাস্টার। তাঁদের কাছ থেকে টিকিট সংগ্রহ করা যাবে।’