ইরানে সাম্প্রতিক সহিংসতায় ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করে অপতথ্য ছড়ানো হয়েছে বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। গতকাল ঢাকায় ইরান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ অভিযোগ করেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বলেন, ‘ইরানে সশস্ত্র বিদ্রোহীরাই প্রথমে পুলিশকে আক্রমণ করে। তারপর সেটাকে পুঁজি করে পশ্চিমারা। আর পুরোটাই করা হয়েছে মার্কিনিদের বুদ্ধিমত্তা আর পরামর্শের মাধ্যমে। ইরানজুড়ে স্টারলিংকের মতো অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপতথ্য ছড়ানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিক্ষুব্ধ মানুষকে পুঁজি করে সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে ইরানজুড়ে হয়েছে সহিংসতা। আর এ কারণে ইরানে বিক্ষোভে এত মৃত্যুর ঘটনা ঘটেছে।’ তবে এখন পর্যন্ত এ আন্দোলনে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি ইরানের রাষ্ট্রদূত।