ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী আয়োজন ‘ফার্স্ট পেট কার্নিভাল’। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এ উৎসবমুখর আয়োজন অনুষ্ঠিত হয়। ডাকসু ও CARE DU-এর যৌথ উদ্যোগে এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ কার্নিভাল ক্যাম্পাসের পোষা প্রাণীর মালিক ও প্রাণিপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির।
কার্নিভালের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের সঙ্গে তাদের পোষা প্রাণীর সম্পর্ক উদ্যাপন, প্রাণীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে প্রাণী কল্যাণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। এতে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম, এজিএস মুহাম্মদ মহিউদ্দিনসহ অন্যান্য ডাকসু নেআরা। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের পোষা প্রাণী নিয়ে সরাসরি অংশ নেন। আয়োজনের মধ্যে ছিল পেট শো, পেট র্যাম্প ওয়াক, মজার গেমস, অ্যানিম্যাল বিহেভিয়ার বিষয়ক এক্সপার্ট সেশন এবং পেট কেয়ার বিষয়ক প্রশিক্ষণমূলক কার্যক্রম। এসব কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে সময় কাটান। কার্নিভালে অংশগ্রহণকারী পোষা প্রাণীদের জন্য বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা ও পরামর্শ, ভ্যাকসিনেশন, পুষ্টিকর পেট ফুড, বিশেষ উপহার, ইভেন্ট টি-শার্ট ও স্ন্যাকসের ব্যবস্থা করা হয়। কার্নিভালে অংশ নেওয়া ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আরিফ মাহমুদ বলেন, আমি নিয়মিত আমার কুকুরটাকে নিয়ে হাঁটতে বের হই, কিন্তু ওর স্বাস্থ্য নিয়ে অনেক প্রশ্ন থাকে। আজ এখানে এসে ভেটেরিনারি ডাক্তারদের কাছ থেকে বিনামূল্যে পরামর্শ পেয়েছি। এটা আমাদের মতো শিক্ষার্থীদের জন্য অনেক বড় সুবিধা।