নরসিংদীর রায়পুরায় জেল পলাতক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার মরজাল ইউনিয়নের একটি স-মিলের ভিতরে সোমবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের নাম অপু আহমেদ (৪৫)। তিনি মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে হত্যা অস্ত্র মাদকসহ নয়টি মামলা রয়েছে।
জুলাই ছাত্র আন্দোলনের সময় নরসিংদী কারাগারে হামলা ও অগ্নিসংযোগের পর বন্দি অবস্থা থেকে পালিয়ে যায় অপু। পলাতক থাকলেও তিনি নিয়মিত এলাকায় যাতায়াত করত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। গতকাল সকালে স্থানীয়রা স-মিলে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখেন। রায়পুরা থানার এসআই নাজমুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত অপুর বিরুদ্ধে আট-নয়টি মামলা রয়েছে। ঘটনার তদন্ত চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।