মেঘনা নদীতে ১০ দিন আগে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ তিন জেলের লাশ উদ্ধার হয়েছে। বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ এলাকা থেকে গতকাল ভোরে লাশগুলো উদ্ধার হয়েছে বলে জানিয়েছে নৌপুলিশ। নিহতরা হলেন- হিজলা উপজেলার পালপাড়ার সাগর মীরের ছেলে শাহীন মীর (২০), জাহাঙ্গীর বেপারীর ছেলে নয়ন বেপারী (১৯) ও বাথুয়া গ্রামের কাদের সিকদারের ছেলে আরিফ সিকদার (১৯)। এখনো পালপাড়ার মনির সিকদারের ছেলে শাহীন সিকদার (১৮) নিখোঁজ রয়েছেন। হিজলার কালীগঞ্জ নৌপুলিশ পরিদর্শক গৌতম চন্দ্র জানান, ১০ জানুয়ারি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মেঘনা নদীর লালবয়া এলাকায় মাছ শিকারে যান পাঁচ জেলে। জাল ফেলে তারা নৌকায় ঘুমিয়ে পড়েন। ইঞ্জিনের পাখার পাশ দিয়ে পানি ঢুকে নৌকা ডুবে যাওয়ার সময় টের পান পাঁচজন। তখন সাঁতরে তীরের উদ্দেশে রওনা দেন। শামীম দিদার তীরে পৌঁছলে অন্য নৌকা তাকে উদ্ধার করে। বাকি চারজনকে খুঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তীব্র ঠান্ডার কারণে তারা ডুবে গেছেন। হিজলায় মঙ্গলবার সকালে নদীতে ভাসমান অবস্থায় শাহীন মীরা ও আরিফ সিকদারের লাশ পাওয়া যায়।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। মেহেন্দিগঞ্জের মীরা বাজার এলাকায় ভাসমান লাশ পাওয়া যায় নয়ন বেপারীর লাশ। স্বজনরা তার পরিচয় শনাক্ত করেন।