কোল্ডস্টোরেজে আলু লোড-আনলোডের সময় বস্তার ওজন ৫০ কেজির বেশি না করার দাবিতে রাজশাহীর পবায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন কুলি-শ্রমিকরা। হাই কোর্টের নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দাবিতে গতকাল দুপুরে নওহাটা পৌরসভার বায়া বাজার এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন শ্রমিক ইউনিয়নের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পবা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোর্তুজা। তিনি বলেন, ২০১৭ সালে অতিরিক্ত ভার বহনের কারণে কুলি শ্রমিকদের শারীরিক ক্ষতি ও ঝুঁকির বিষয়টি সামনে এনে হাই কোর্টে মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করে নির্দেশ দেন, নারী শ্রমিক ৩০ কেজি এবং পুরুষ শ্রমিক ৫০ কেজির বেশি ভার বহন করতে পারবেন না। নির্দেশনা বাধ্যতামূলক হলেও বাস্তবে মানা হচ্ছে না। জেলার বিভিন্ন কোল্ডস্টোরেজে ৭০-৮০ কেজি ওজনের আলুর বস্তা বহন করানো হচ্ছে। শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন বলেন, হাই কোর্টের রুলজারি বাস্তবায়নের দাবিতে কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।