শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির ও রাকসু নেতা-কর্মীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন থেকে এ প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া দ্রুত শাকসু নির্বাচনের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির।
রাবি ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘একটি মাত্র দলকে প্রাধান্য দিতে গিয়ে ৯ হাজার শিক্ষার্থীর মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। এই নির্বাচন কমিশন দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন থেকে যায়।’ শাকসু কমিশনের এমন কর্মকাে র তীব্র নিন্দাও জানান তিনি। রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘হাই কোর্টকে ব্যবহার করে শাকসু নির্বাচন পেছানো হয়েছে। শিক্ষার্থীরা বুঝে গেছেন, ছাত্র সংসদ নির্বাচন কারা পেছাতে চায়, কারা হারার ভয়ে নির্বাচনে আসতে ভয় পায়।’ অন্যদিকে গতকাল কুমিল্লার সালাউদ্দিন মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। মিছিলটি কান্দিরপাড় লিবার্টি মোড় হয়ে পূবালী চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য দেন মহানগরী ছাত্রশিবিরের সভাপতি হাছান আহমেদ ও সেক্রেটারি নাজমুল হাসান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির।
বক্তারা বলেন, ‘একটি গণতান্ত্রিক শিক্ষাঙ্গন গড়ে তুলতে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই।’ অবিলম্বে শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তাঁরা।
এর আগে ১৮ জানুয়ারি ছাত্রদলের প্রতিবাদ ও বিএনপিপন্থি শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে শাকসু নির্বাচন স্থগিত করেন হাই কোর্ট।