রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে লাল ইটের নান্দনিক স্থাপত্যশৈলীর বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের অফিস ভবনের বাগানে নানান বর্ণের গোলাপ আগত দর্শনার্থীকে আকৃষ্ট করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তাজমহল, রানি ও পদ্মগোলাপ। দর্শনার্থীর মন কাড়ছে এসব গোলাপ। ফুলের মুগ্ধতায় মোহিত হচ্ছেন তারা। তথ্যানুযায়ী, প্রাচীনতম গোলাপের বয়স ২ কোটি ৬০ লাখ থেকে ৩ কোটি ৮০ লাখ বছর। কবে, কোথায় ও কখন প্রথম গোলাপ চাষ শুরু হয়েছিল তার সঠিক বিবরণ জানা যায়নি। তবে প্রাচীনকালে গ্রিস, রোম, মধ্যপ্রাচ্য ও চীনে গোলাপের আবাদ ছিল।
গোলাপ উত্তর গোলার্ধ থেকে ক্রমে দক্ষিণে বিস্তৃতি লাভ করে। পাশ্চাত্যের দেশগুলোর গোলাপ ছিল সাদা ও হালকা রঙের, ফুল দিত খুব অল্প দিন আর প্রাচ্যের গোলাপ ছিল হলুদ, লাল ইত্যাদি কড়া রঙের। বছরের অনেকটা সময় ধরে ফুল ফুটত। প্রাচ্য আর পাশ্চাত্যের গোলাপের সংকরায়ণের মাধ্যমে ঘটেছে এক পুষ্পবিপ্লব। উদ্ভব হয়েছে মনমাতানো অজস্র জাতের গোলাপ। যতদূর জানা যায়, ভারতীয় উপমহাদেশে সুন্দর গোলাপ এসেছে ৫০০ বছর আগে বসরা থেকে। মোগল সম্রাট বাবর প্রথম ‘বসরা’ নামের এক গোলাপ নিয়ে এসেছিলেন। সুগন্ধি গোলাপি রঙের এ গোলাপ এখনো এ দেশে ‘বসরা গোলাপ’ নামে পরিচিত। বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বাংলা একাডেমির সহপরিচালক কৃষিবিদ আবিদ করিম মুন্না জানান, সৌন্দর্য আর সৌরভ সবাইকে সহজে আকৃষ্ট করে বলেই গোলাপ ফুলের রানি। পৃথিবীতে ১০০ থেকে ১৫০ প্রজাতি এবং হাজার হাজার জাত রয়েছে। যেগুলো নানান রঙের, নানান গন্ধের, নানান আকারের। অনেক গোলাপের মধ্যে তাজমহল, রানি এবং পদ্মগোলাপ জাতটি একটু ব্যতিক্রম। এখানে নিয়মিত পরিচর্যা করা হয়। গোলাপ চাষের জন্য খোলামেলা, রৌদ্রোজ্জ্বল এবং সুরক্ষিত স্থান প্রয়োজন যেটা এখানে রয়েছে। এ বাগানটিকে আট ভাগে ভাগ করে ভিন্নভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।