কুমিল্লার দুটি (কুমিল্লা-১ ও ২) সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেট অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় স্থগিত করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাই কোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) লিভ টু আপিল (আপিলের অনুমতি) আবেদন মঞ্জুর করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ গতকাল এই আদেশ দেন। এই আদেশের ফলে সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের গেজেট বহাল থাকল বলে জানিয়েছেন আইনজীবীরা। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসন ছিল দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে। আর হোমনা-মেঘনা উপজেলা নিয়ে ছিল কুমিল্লা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমানা পুনর্নির্ধারণ করে গত বছর ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা-১ এবং হোমনা ও তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা-২ সংসদীয় আসন পুনর্নির্ধারণ করা হয়। পরে এই দুই আসন পুনর্নির্ধারণ সংক্রান্ত গেজেটের অংশ চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনসহ ছয় ব্যক্তি।
প্রাথমিক শুনানির পর গত বছর ১৭ সেপ্টেম্বর হাই কোর্ট রুল দেন। কুমিল্লা-১ ও ২ আসন পুনর্নির্ধারণ করা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয় রুলে। এই রুল বিচারাধীন থাকা অবস্থায় রিটে বিবাদী হিসেবে যুক্ত হন কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এ এম মতিন ও মেঘনা উপজেলার বাসিন্দা এম এ মিজানুর।
চূড়ান্ত শুনানি শেষে গত ৮ জানুয়ারি হাই কোর্ট এ দুই আসনের সীমানা পুনর্নির্ধারণ আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে রায় দেন। সেই সঙ্গে দাউদকান্দি-তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা-১ আসন ও হোমনা-মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা-২ আসন পুনর্বহাল করতে ইসিকে নির্দেশ দেওয়া হয়।
এই রায় স্থগিত চেয়ে ইসি ও কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এ এম মতিন আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। আবেদন দুটিতে শুনানির পর গত ১১ জানুয়ারি হাই কোর্টের রায় স্থগিত করে দেন চেম্বার আদালত। হাই কোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা পর্যন্ত স্থগিত করা হয়। এরপর হাই কোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে ইসি, স্বতন্ত্র প্রার্থী এ এম মতিন ও এম এ মিজানুর।
আদেশের পর স্বতন্ত্র প্রার্থী এ এম মতিনের আইনজীবী আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, হাই কোর্টের রায়ের বিরুদ্ধে ইসির লিভ টু আপিল মঞ্জুর করেছেন। এই লিভ টু আপিলের সঙ্গে আমাদের লিভ টু আপিলটিও ট্যাগ করে দিয়েছেন। আর এই আপিল নিষ্পত্তি পর্যন্ত হাই কোর্টের রায় স্থগিত রাখা হয়েছে। এর ফলে ইসির পুনর্নির্ধারণ করা সীমানা অনুসারে আসন দুটিতে নির্বাচন হতে আইনগত কোনো বাধা নেই বলে জানান এই আইনজীবী।