ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট দিতে ১ কোটি টাকা ‘বিশেষ অনুদান’ দিচ্ছে সরকার।
রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে ১২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় গতকাল এ অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে। তবে ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দেওয়া হয়েছে।
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ১২ ডিসেম্বর পুরোনা পল্টন এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন।
হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিলে আরও পাঁচ দিন সময়: শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিল করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আরও পাঁচ দিন সময় দিয়েছেন আদালত।গতকাল মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু সিআইডি প্রতিবেদন জমা না দিয়ে আদালতের কাছে সময়ের আবেদন করে। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলাম আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এর আগে হাদি হত্যা মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে গত ৬ জানুয়ারি চার্জশিট দেয় ডিবি পুলিশ। কিন্তু ওই চার্জশিট নিয়ে আপত্তি জানিয়ে গত ১৫ জানুয়ারি নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। পরে আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হন হাদি। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।
হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৪ ডিসেম্বর জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেন। পরে মামলাটিতে ৩০২ ধারা যুক্ত করা হয়।