চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় স্থানীয় মো. ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নামে মামলা হয়েছে। এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন জাহিদ, ইউনুস ও আরিফ।
গতকাল র্যাব-৭-এর একজন উপসহকারী পরিচালক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি করেন। এ মামলায় অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘অভিযান চালিয়ে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দুজন এজাহারভুক্ত এবং একজন তদন্তে পাওয়া আসামি।’ ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রাম র্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় র্যাবের আরও তিন সদস্য এবং মনা নামে একজন সোর্স গুরুতর আহত হন। মোতালেব হোসেন বিজিবির নায়েব সুবেদার, প্রেষণে র্যাবে কর্মরত ছিলেন।
পুলিশ, র্যাব ও স্থানীয় সূত্র জানান, সোমবার বিকালে ইয়াসিনের নেতৃত্বে জঙ্গল সলিমপুরে বিএনপির একটি কার্যালয় উদ্বোধনের কথা ছিল। এ উপলক্ষে সেখানে বিপুলসংখ্যক লোক জড়ো হয়। অন্যদিকে রুকন গ্রুপের অনুসারী ও র্যাবের সোর্স মনা র্যাবকে জানান, ওই অনুষ্ঠানে ইয়াসিন উপস্থিত থাকতে পারেন। এ তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম র্যাবের পতেঙ্গা দপ্তর থেকে ৫০ জনের বেশি সদস্যের একটি দল সেখানে অভিযান চালাতে যায়। বিকাল পৌনে ৪টার দিকে অভিযান পরিচালনার সময় র্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা র্যাবের চার সদস্য ও সোর্স মনাকে আটক করে। পরে র্যাব সদস্যদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে তাদের মারধর করা হয়। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় একটি পক্ষের সহায়তায় গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক র্যাব কর্মকর্তা মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন।