চট্টগ্রামের বোয়ালখালী থেকে মুমূর্ষু অবস্থায় গেগেনার ত্রিপুরা (৪৫) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। পৌরসভার একটি ঘরে তিন দিন ধরে শিকলে বেঁধে তার ওপর নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। গেগেনার ত্রিপুরা বান্দরবানের রুমা উপজেলার জৈতুনপাড়ার লাফেহা ত্রিপুরার ছেলে।
এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী রুস্তম মাঝি বাড়ির মৃত আবদুল কুদ্দুছের ছেলে আবদুল করিম (২৭) ও ইয়াকুব আলী বাড়ির মৃত আবুল কাসেমের ছেলে মো. মঈন উদ্দিন (২৬)। জানা গেছে, গত ১৯ জানুয়ারি গেগেনার ত্রিপুরাকে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বোয়ালখালীতে নিয়ে আসা হয়। এরপর একটি ঘরে শিকল দিয়ে বেঁধে তিন দিন ধরে অমানুষিক নির্যাতন করা হয়। এ সময়ে তাকে অল্প করে পানি দেওয়া হতো। এমনকি বেশি পানি চাইলে প্রস্রাব খাওয়ানোর চেষ্টাও করা হয়। এ ছাড়া চিৎকার না করার জন্য তার মুখে টেপ লাগিয়েও রাখা হয় বলে জানান গেগেনার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুফিয়ান সিদ্দিকী বলেন, গেগেনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তবে এখনো ঘটনাটি নিয়ে কেউ মামলা করেননি।