স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগকারী অবৈধ অভিবাসীদের জন্য বোনাস বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ১ হাজার ডলারের পরিবর্তে এখন দেওয়া হবে আড়াই হাজার ডলার, সঙ্গে ফ্রি টিকিট। ২১ জানুয়ারি থেকে নির্দেশ কার্যকর হয়েছে বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নয়েম।
তিনি জানান, স্বেচ্ছায় ফিরে গেলে সরকারের খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। যেখানে গ্রেপ্তার ও বহিষ্কারে মাথাপিছু গড়ে ১৮ হাজার ডলারের বেশি ব্যয় হয়, সেখানে এই কর্মসূচিতে ব্যয় হবে প্রায় ৫ হাজার ডলার। স্বেচ্ছায় ফিরে যাওয়া অভিবাসীরা ভবিষ্যতে বৈধ কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে ফেরার সুযোগও পাবেন। এদিকে গ্রেপ্তার অভিযান জোরদার হওয়ায় নিউইয়র্কসহ বিভিন্ন শহরে আতঙ্ক ও বিক্ষোভ বাড়ছে। এমন পরিস্থিতিতে বোনাস ও টিকিটের এ প্রস্তাবে আগ্রহ দেখাচ্ছেন অনেক প্রবাসী।