১১ থেকে ১৪ ফেব্রুয়ারি টানা চার দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করায় এই দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।
গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সাধারণ ছুটির কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এদিকে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্যও আলাদা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে নির্বাচনের দিনসহ শুক্র ও শনিবার বাদ দিয়ে শ্রমিকরা টানা তিন দিনের ছুটি পাবেন। শফিকুল আলম বলেন, সভায় ১৩টি এজেন্ডা ছিল। বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ এই প্রথম বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশের সঙ্গে চুক্তি করছে। এর ফলে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য জাপানের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এ ছাড়াও সভায় বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন রোহিতকরণ অধ্যাদেশ, দলিল (সংশোধন) অধ্যাদেশ, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন (সংশোধন) অধ্যাদেশ, জুয়া প্রতিরোধ অধ্যাদেশ, জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড অধ্যাদেশ ও বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট অধ্যাদেশ-২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সভায় আলোচনা হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ নিয়েও। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি প্রস্তাবটিও অনুমোদন পেয়েছে। তথ্য অধিকার আইন কিছুটা সংশোধন করা হয়েছে।