সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে মাছ ধরার সময় ‘ডন বাহিনী’ পরিচয়ে একদল সশস্ত্র বনদস্যু ১৮ জেলেকে অপহরণ করেছে। এ ঘটনায় অন্য জেলেদের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।
বনদস্যুরা প্রতিটি নৌকা থেকে একজন করে জেলেকে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বলে দাবি অপহৃত জেলেদের ফিরে আসা সঙ্গীদের। তারা জানান, দস্যু দলের মধ্যে তারা ২০১৮ সালে আত্মসমর্পণকৃত বনদস্যু শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটিরউপর গ্রামের শাহাজান ও একই গ্রামের শফিকুল ইসলাম ওরফে ভেটে শফিকুলকে চিনতে পারেন।
তারা দুজন ‘ডন বাহিনীর’ প্রধানের একনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন।
অপহৃত জেলেদের অধিকাংশের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর, কদমতলা, মথুরাপুর, মৌখালী ও ছোট ভেটখালী এলাকায়।
ভুক্তভোগী জেলেরা বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত উদ্ধার অভিযান এবং সুন্দরবনে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বন বিভাগের কাছে জানতে চাইলে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ফজলুল হক জানান, তারা গতকাল দুপুরে বিষয়টি জানতে পেরেছেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছেন। জেলে জিম্মি হওয়ার ঘটনাটি কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।