সিলেটে আইফোনের জন্য বন্ধুকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার বিকালে তাকে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সাজিদুল ইসলাম মুন্না (২৩) ঘাটাইল থানার দেলুটিয়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে।
জানা গেছে, গত বছরের ৭ ডিসেম্বর সিলেটের বিয়ানীবাজার থানার খশির নামনগর গ্রামের যুবক ইমন আহমদ বাড়ি থেকে স্থানীয় বৈরাগীবাজারে যাওয়ার উদ্দেশে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হলে পুলিশ সন্দেহভাজন হিসেবে ইমনের বন্ধু আশরাফুলকে আটক করে। পরে আশরাফুলের দেওয়া তথ্যে ১০ ডিসেম্বর বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের শালেশ্বর এলাকার একটি পুকুরপাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইমন আহমদের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। জিজ্ঞাসাবাদে ইমনের বন্ধু আশরাফুল জানান, আইফোন ছিনতাইয়ের জন্য সাজিদুল ইসলাম মুন্নাসহ তিন-চারজন মিলে কৌশলে শালেশ্বর এলাকার একটি পুকুরপাড়ে নিয়ে ইমনকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর তার কাছ থেকে আইফোন ছিনিয়ে নেয় তারা। র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে টাঙ্গাইল থেকে সাজিদুল ইসলাম মুন্না নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিয়ানীবাজার থানার ওসি মো. ওমর ফারুক জানান, আইফোন ছিনিয়ে নিতে কয়েকজন বন্ধু মিলে ইমনকে খুন করেছে- তদন্তে এমনটা মিলেছে। ওই মামলার আসামি মুন্নাকে র্যাব গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে।