পোস্টাল ব্যালটে ভোট দিয়ে তা দ্রুত নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে বলল নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে নির্ধারিত সময়ের পরে ব্যালট পৌঁছালে গণনা করা হবে না বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল এক বিজ্ঞপ্তিতে এমন তাগাদা দিয়েছে ইসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালটপ্রাপ্তির পর যত দ্রুত সম্ভব ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিস/ডাক বাক্সে হলুদ খাম জমা দিন।
রিটার্নিং অফিসারের কাছে ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পৌঁছালেই শুধু ভোট গণনায় সম্পৃক্ত হবে।
দেশের ভিতরের তিন শ্রেণির নাগরিক-সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। সবমিলিয়ে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার। ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।