ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে বিক্ষোভ করা হয়েছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন প্রার্থী ও শিক্ষার্থীরা। কর্মসূচিতে ছাত্রশিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্যের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান, জিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম, স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার, সাধারণ ঐক্যস্বর প্যানেলের এজিএস প্রার্থী হাফিজুর ইসলাম, বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ মো. নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীরা ‘রিট করে শাকসু, বন্ধ করা যাবে না’, ‘মব করে শাকসু, বন্ধ করা যাবে না’ ইত্যাদি স্লোগান দেন। ভিপি প্রার্থী দেলোয়ার হাসান বলেন, জাতীয় নির্বাচনের আগে শাকসু নির্বাচন হতে হবে। শুক্রবার আমরা প্রতিটি বিভাগের ক্লাস প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেছিলাম। সেখানে সিদ্ধান্ত হয়েছে, রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন থাকবে। যত দিন পর্যন্ত না শাকসু হচ্ছে, আমাদের বিক্ষোভও চলবে। বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ মো. নাসিম বলেন, রবিবার চেম্বার জজ আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপিলের শুনানি হবে বলে আশা করছি। এর আগে গত মঙ্গলবার দীর্ঘ ২৮ বছর পর শাকসু নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। তবে সোমবার দুই প্রার্থী ও একজন শিক্ষার্থী রিট করায় হাই কোর্ট চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিতের রায় দেন। নির্বাচন স্থগিতের খবর ছড়িয়ে পড়ায় ওই দিনই প্রার্থী ও শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন।