কক্সবাজারের রামুতে দুর্বৃত্তের গুলিতে শফিউল আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী কাটা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, দুর্বৃত্তের গুলিতে শফিউল আলমের মৃত্যু হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় প্রতিপক্ষ ডাকাত ও সন্ত্রাসী আবদুর রহিম বাহিনী শাহিন ডাকাতের সহযোগী শফিউল আলমকে গুলি করে। এতে ঘটনাস্থলেই শফিউল আলম মারা যান। পরে পুলিশ মৃতদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি মাঝিরকাটা এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে। উল্লেখ্য, নিহত শফিউল আলম বর্তমানে কারাগারে আটক আলোচিত শাহিন ডাকাতের সেকেন্ড ইন কমান্ড। শাহিন ডাকাত আটক হওয়ার পর ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে আবদুর রহিম ডাকাত বেপরোয়া হয়ে উঠেছে।