বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) সভাপতি মো. মোফাজ্জল হোসেন পাভেল বলেছেন, সুতা আমদানিতে বন্ডেড ওয়্যার হাউস সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত আত্মঘাতী। এ সিদ্ধান্তের মাধ্যমে পোশাক খাতকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্রে) মৃত্যুশয্যায় নিয়ে যাওয়া হয়েছে। সুতার দাম বাড়লে পোশাকের দাম বাড়বে। এতে প্রতিযোগী বাজারে আমরা পিছিয়ে যাব। এ কারণে বায়ার ও রিটেইলাররা শঙ্কিত। গতকাল রাজধানীর উত্তরায় বিজিবিএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘সংকটের মুখে দেশের তৈরি পোশাক শিল্প : অস্তিত্ব রক্ষার লড়াই’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিবিএ। বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়ে বিজিবিএ সভাপতি বলেন, এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। সমস্যা সমাধান না করে সরকার সিদ্ধান্ত নিচ্ছে। আত্মঘাতী সিদ্ধান্তের মাধ্যমে পোশাক শিল্পকে আইসিইউতে মৃত্যুশয্যায় নিয়ে গেছে। সরকারকে বলব, সবার সঙ্গে বসে এ সমস্যা সমাধান করতে হবে।
তিনি বলেন, বড় বড় রিটেইলার শঙ্কিত নিরাপত্তার কারণে। দেশে মব হচ্ছে। নিরাপত্তা নেই। রিটেইলাররা ২০২৬ সালের ক্রয়াদেশগুলো অন্য দেশে সরিয়ে নেওয়ার জন্য বলে দিয়েছে। আজ নিরাপত্তা না দিতে পারলে ক্রেতা কেন বাংলাদেশে ক্রয়াদেশ দেবে?
প্রতিযোগী দেশগুলো ঢালাওভাবে বাংলাদেশের খারাপ অবস্থা প্রচার করছে।
বিজিবিএ সভাপতি বলেন, ব্যাংকিং সেক্টর ভেঙে গেছে। ভালো ব্যবসায়ীরা লোন পাচ্ছে না। সুদের হার ১৬ শতাংশ। ব্যবসাতে ১০ শতাংশ লাভ হয় না। ব্যাংকের সুদ নিয়ে ব্যবসায়ীরা বিপদে পড়ে যাচ্ছে। ব্যবসায়ীদের মারার ব্যবস্থা করা হচ্ছে। এ ধরনের ব্যাংকিং আমরা চাই না।