সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি এখন ২ লাখ ৫৪ হাজার টাকায় নেমে এসেছে। বৃহস্পতিবার যা ছিল ২ লাখ ৬২ হাজার টাকা। গতকাল সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। এ দাম সকাল থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা। সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের ১ ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা। এদিকে বিশ্ববাজারেও গতকাল সোনার দামে দরপতন হয়েছে। বিশ্বজুড়ে সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৮৫০ ডলার। আগের দিন ছিল ৪ হাজার ৯০০ ডলার। এর আগে ৩০ জানুয়ারি ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।