ফুলটি দেখতে দুধের বোতল পরিষ্কার করার ব্রাশের মতো। শীতের শেষদিকে এই রুক্ষতার সময়ও সূর্যের আলোর কিরণে অসাধারণ সৌন্দর্যের অবতারণা করেছে ফুলটি। রংপুর মহানগরীর সোনালী ব্যাংকের প্রধান শাখা, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গেলে চোখে পড়ে এই ফুলটির। একটু দূর থেকে দেখলে মনে হবে বাংলাদেশের ছোট ছোট পতাকা শীতের শেষে এই সময়টায় সূর্যস্নানের চেষ্টা করছে। বাংলা একাডেমির সহকারী পরিচালক এবং বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ আবিদ করিম মুন্না ফুলটির বিষয়ে জানান, দৃষ্টিনন্দন ‘বোতল ব্রাশ’ ফুলটি উজ্জ্বল লাল ও রেশমি কোমল রঙের হয়ে থাকে। উদ্ভিদতাত্ত্বিক নাম ‘কলিসটিমোন ভিমিনালিস’। ফুলের সামনের দিকে এবং নিচে থাকে সবুজ পাতা।
শৌখিন বৃক্ষ হিসেবে পারিবারিক বাগান, বিভিন্ন প্রতিষ্ঠান, পার্ক ও অন্যান্য স্থানে ফুল গাছটি দেখতে পাওয়া যায়। মাঝারি ঝাড়জাতীয় গাছটি উচ্চতা ৬ থেকে ১০ মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। বসন্তে গাছে অসংখ্য ফুল ফোটে। এ গাছের ফুল এবং পাতায় হালকা মিষ্টি গন্ধ রয়েছে। তবে ফুলের রেণু বাতাসের মাধ্যমে নাকের ভিতর গিয়ে অ্যাজমা রোগীদের হাঁচি-কাশির উদ্রেক বাড়িয়ে দেয়। ফুলটি শ্বাসপ্রশ্বাসের ক্ষতি করে। এজন্য ক্ষতিকর গাছ হিসেবেও অনেকের কাছে পরিচিত।